দলের বিরুদ্ধে ‘গুজব ঠেকাতে’ টিকটকে আওয়ামী লীগ

২ জুন, ২০২৩ ২০:০৩  

ফেসবুক-টুইটার-ইউটিউবের পর শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন (আমন্ত্রণ) দিন।’

জানানো হয়েছে, এই টিকটক অ্যাকাউন্ট পরিচালনা করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ জানিয়েছেন, দেশের টিএনজারদের কাছে আওয়ামী লীগের বার্তা দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা চালু করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শর্ট ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে বিনোদনের জন্য নানা রকম ভিডিও রয়েছে। বছরখানেক ধরে রাজনৈতিক কনটেন্টও শেয়ার করা হচ্ছে। এতে সরকারের বিরুদ্ধে নানা গুজব ও অপপ্রচার করা হচ্ছে বলে মনে করছে আওয়ামী লীগ। সেগুলোর জবাব দেওয়ার জন্যই দলের পক্ষ থেকে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টে রাজনৈতিক বক্তব্য, উন্নয়নমূলক গান, কবিতার মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।

https://digibanglatech.news/news/local/ict/103833/?swcfpc=1

এই প্রচারণা আরো বাড়াতে সহসাই ইমো-ও যুক্ত হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

প্রসঙ্গত, বুধবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সঙ্গে টিকটক দক্ষিণ এশিয়ার হেড অফ পাবলিক পলিসি এন্ড গভর্নমেন্ট রিলেশান্সস ফেরদৌস মোত্তাকিনের বৈঠকের দুইদিনে মাথায় টিকটক-এ অ্যাকাউন্ট খুললো সরকারি দলটি।